বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন। আসার পথে বিমানবন্দরে যাতে তিনি বাধার সম্মুখীন না হন, সে জন্য আমরা ঢাকায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলব।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরের কড়ইতলায় সকালে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন হলেও ব্যথায় মন ভারি হয়ে যায়। কারণ তিনি আমাদের মাঝে উপস্থিত নেই। তিনি অনেক দূরে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখানে তিনি নিজের ইচ্ছায় ফূর্তি করতে যাননি। তাকে ওয়ান ইলেভেনের সময় গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। সে কারণে তিনি মেরুদণ্ডের আঘাতে ভুগছেন। চিকিৎসার জন্য তিনি সেখানে রয়েছেন। একই সঙ্গে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করছেন।

তিনি বলেন, তারেক রহমানকে সরকার ও সরকারের উচ্চপর্যায়ের সব লোকজন আজকে ভয় পেতে শুরু করেছে। কারণ তিনি সত্য কথা বলেন। এটাকে আমি বিজয় মনে করি। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে তারেক রহমানকে ভয় পাওয়ার কিছু নেই। আজকে যারা সন্ত্রাস, দুর্নীতি, হত্যা, নির্যাতনের সঙ্গে জড়িত আছে; ভবিষ্যতে তাদেরই বিচার হবে, শাস্তি হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্রবিয়য়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমএইচ