বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন নেতাই নন, তিনি একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে নেতা-কর্মীদেরকে একসঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার বিকালে দলীয় চেয়ারপারসনের জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় একটি মোটেলে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। আর শেখ হাসিনা বিনা নির্বাচনে ক্ষমতায় গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। কোনো শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। আর তাই তারা তত্ত্বাবধায়ক সরকার মানতে চায় না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে গিয়ে বিরোধী দলের ৩১০ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। তাদের রক্ত বৃথা যাবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।
এ সময় তিনি সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, মোস্তফা আলী মুকুল, আব্দুল মোমিন তালুকদার খোকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান প্রমুখ।
আলোচনা সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটেন। এর আগে তিনি দুপুরে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করেন।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





