প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে তার পৈত্রিক বাড়িতে যাচ্ছেন। বিকেলে তিনি সেখানে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করবেন।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু জানান, সড়ক পথে আজ সকালে ঢাকা থেকে রওনা দিয়ে তিনি দুপুরের মধ্যেই তার পৈত্রিক নিবাস জয় সদনে উঠবেন। এরপর বিকেলে কর্মসূচিতে যোগ দিবেন।
উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বিকেলে জয় স্থানীয় কছিমননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্পিউটার ল্যাব স্থাপন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করবেন।
পরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্পের উদ্যোগে পাটচাষি সমাবেশে যোগ দেবেন।
সেখানেই জয় উপজেলার ৫০টি গ্রামে তিন হাজার নতুন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন। এসব অনুষ্ঠানের জন্য মঞ্চ, মাঠসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তার সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহাম্মেদ পলক প্রমুখ।
জয়ের আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। গত মার্চ মাসের ১৬ ও ১৭ তারিখে দুই দিনের সফরে জয় পীরগঞ্জ গিয়েছিলেন।
ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





