বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের আসামি করে সোমবার রাতে তেজগাঁও থানায় একটি মামলা করেছে আওয়ামী লীগ।
নির্বাচনী প্রচারকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় এ মামলা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি জহিরুল হক জিল্লু।
অবৈধভাবে সমাবেশ করা ও সেখানে গন্ডগোলসহ নিজেদের কর্মীর ওপর হামলার অভিযোগ এনে তিনি মামলাটি দায়ের করেন। তেজগাঁও থানার এসআই রমজান আলী জানান, জহিরুল হক জিল্লু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় সিএসএফ কর্মকর্তাসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়েছে।
নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রোববার বিকালে উত্তরায় এবং সোমবার বিকালে কারওয়ান বাজারে খালেদার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।
সোমবারের হামলায় চেয়ারপারসনের গাড়ির (ঢাকা মেট্রো-গ-১৩২৬১২) গ্লাস ভেঙ্গে গেছে। এছাড়া তার নিরাপত্তা টিম-সিএসএফের চারটি গাড়িসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় এক সিএসএফ সদস্য ও চার সাংবাদিকসহ অন্তত ১১জন আহত হন।
এআর





