বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের সম্পদ ছিল দেশের মানুষ। তার আদর্শে না চললে দেশের সত্যিকার গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে নয়।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর রায় দলের নেতাদের সমালোচনা করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমার তার জীবদ্দশায় সাধারণ জীবন যাপন করেছেন। তিনি নিঃস্ব অবস্থায় বিদায় নিয়েছিলেন। কিন্তু, সেই দলের নেতা হয়ে আমরা নিজেদের সম্পদ রক্ষায় ব্যস্ত; যার সুযোগ নিচ্ছেন শেখ হাসিনা। এখন দেশে গণতন্ত্র নয়, হাসিনার ইচ্ছাতন্ত্র চলছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে একের পর এক বেড়েই চলেছে রাজনৈতিক গুম, খুন ও অপহরণ। আর হাসিনা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আমাদের মৃত্যুকে ভয় পেলে চলবে না। মৃত্যুর জন্য প্রস্তুত হলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ আমাদের অন্তরে অনুপস্থিত। তাই দেশের এ অবস্থা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সভাপতিত্বে এবং দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত রয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
মঞ্চে আরো উপস্থিত রয়েছেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]