বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়াও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের নির্বাচনের জন্য তাদের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আজ মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

শুক্রবার তাদের মনোনীত প্রতিনিধিরা নয়াপল্টনে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। দলটির শীর্ষ ওই দুই পদে আর কেউ মনোনয়নপত্র না নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।

বেলা ১১টার দিকে চেয়ারপারসন পদে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার মনোনীত এজেন্ট হিসেবে গত বুধবার রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন। দুপুর ১২টার দিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন দলের আরেক যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান।

চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ৪ মার্চ মনোনয়নপত্র জমা, ৫ মার্চ যাচাই-বাছাই ও ৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৯ মার্চ হবে নির্বাচন। ওই দিনই বিএনপির জাতীয় কাউন্সিল।

এসটি