প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনীদের পৃষ্ঠপোষকতা করছেন।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক মহিউদ্দিন খান মোহনের লেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নির্ভর উপন্যাস ‘প্রাচীর’ এর প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওসমান পরিবারের পক্ষ নিয়ে শুধুমাত্র শামীম ওসমানই নয় বরং জয়নাল হাজারী, তাহেরসহ সকল সন্ত্রাসী গডফাদারদের পক্ষ নিয়েছেন।
তিনি আরও বলেন, এই সরকার শুধু পেশাদার খুনি নয়, যারা কখনো খুন করে নাই তাদেরকেও খুন করতে উদ্বুদ্ধ করেছে। এমনকি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকেও খুনি বানিয়েছে। তিনি বলেন, এই সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে।
সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করছে। কিন্তু এতে কোন লাভ হবেনা। কারণ শহীদ জিয়া এদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন। সব সময় গনমানুষের অধিকার নিয়ে সংগ্রাম করেছেন। তিনি তার কর্ম ও আদর্শ দিয়ে ১৬ কোটি মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় বাহিনীকে মানুষ হত্যার জন্য ব্যবহার করছে।’
আলহাজ্ব শফি বিক্রমপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, প্রাচীর বইয়ের লেখক মহিউদ্দিন খান মোহন, ঢাবি সিনেট সদস্য লিয়াকত আলী, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ,০৭জুন (টাইমনিউজবিডি.কম)[/b]