খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে তওবা করুন। আর কোনো দিন এ ধরনের কথা বলবেন না। যা পরবর্তীতে রাখতে না পারেন।’
শনিবার বিকেলে কৃষিবিদ ইনষ্টিটিউট ভবন খামার বাড়িতে আওয়ামী লীগ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উনি বললেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবেন না। অথচ তিনি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে এলেন এবং অধিক সংখ্যক চেয়ারম্যান পদে জয়লাভও করলেন। এতে আবারো প্রমাণিত হল, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
বিএনপির আন্দোলনের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উনাদের  আন্দোলনের মানে হচ্ছে মানুষ হত্যা আর নৈরাজ্য। তাই আমি তাদের উদ্দেশে বলবো, আর আন্দোলনের কথা বলবেন না।
বিএনপির অনেক নেতা বলেন, এ সরকার অবৈধ। জিয়াউর রহমান অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করলেন সেটা কী? হ্যাঁ না ভোটের মাধ্যমে ১১০% ভোট পেয়ে প্রেসিডেন্ট হলেন জিয়াউর রহমান। বাংলাদেশের জনসংখ্যার অধিক ভোট পেয়েছেন তিনি! অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারি যে পার্টি নিজেই অবৈধ, তারা কীভাবে অন্যকে অবৈধ বলে? তাদের দলের জন্ম অবৈধ পন্থায় হওয়ায় তারা সবকিছুতেই অবৈধ দেখেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইউসূফ হোসেন হুমায়ূন, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা কিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]