সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানিকপুর গ্রামের পৈত্রিক বাসভবনে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তৃণমূল প্রতিনিধি সভাকালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মাঠ পর্যায়ে সরকারের কোন জনপ্রিয়তা নেই। সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। জনগণের কাছ থেকে জনপ্রিয়তা হারিয়ে যাওয়ায় সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে। এজন্য সরকার তাদের পছন্দের ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো এবং জনগণের কাছে এ নির্বাচন কমিশনের কোন গ্রহণযোগ্যতা নেই। এ কমিশনের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না।

এ সময় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক সরকার গঠনের দাবি আদায়ের লক্ষ্যে সব রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মওদুদ।

ভোটার তালিকা হালনাগাদের সময় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, কেউ যেন ভুয়া ভোটার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মৃত ব্যক্তিদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যাতে করে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা জাল ভোট প্রয়োগ করতে না পারে।

কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াছ, আবদুর রহিম চেয়ারম্যান, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা লিটন প্রমুখ।

এমবি