২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন ধারার সংগ্রামের সূচনা করা হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সরকার মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। তাদের এ উদ্দেশ্য কখনও সফল হবে না।’

রাজধানীর পল্টনে একুশে মিলনায়তনে সোমবার বিকেলে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি লেবার পার্টির চেয়ারম্যান এ সব কথা বলেন। ভান্ডারিয়া-কাউখালী-জিয়ানগর জাতীয়তাবাদী ফোরাম এ অনুষ্ঠান আয়োজন করে।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘দখলদার অবৈধ সরকারের অনির্বাচিত সংসদ সদস্যরা খালেদা জিয়া ও তারেক রহমান সর্ম্পকে সংসদে অশালীন বক্তব্য দিচ্ছেন।’

তিনি বলেন, ‘দেশের জনগণ রাজপথে গণ-আন্দোলনের মাধ্যমে বাকশালী হায়েনাদের পতন ঘটিয়ে দেশপ্রেমিক জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যোবোধে বিশ্বাসী শক্তির সরকার কায়েম করবে।’

ইরান বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের লেবাসে ডিজিটাল কায়দায় ক্ষমতা কুক্ষিগত করেছে। ৫ জানুয়ারি তামাশার সিলেকশনের মাধ্যমে ক্ষমতার ভাগবাটোয়ারা করে দেশে ডিজিটাল দুঃশাসন কায়েম করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির মহোৎসব চলছে। র‌্যাব-পুলিশ ও প্রশাসনের ঘাড়ে চড়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চিন্তা করছে।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. আল-আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান মিলন, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফারুক রহমান, পিরোজপুর জেলা লেবার পার্টির সভাপতি মো. আমিনুল ইসলাম, কাউখালী উপজেলা আহ্বায়ক এ্যাডভোকেট মোস্তাকুর রহমান মোস্তাক, ভান্ডারিয়া উপজেলা সহ-সভাপতি ওবায়দুল হক, জেলা বিএনপি নেতা হায়দার আলী, জাতীয় পার্টির নেতা আশরাফ আলী মামুন প্রমুখ।

এএইচ