‘উত্তর-পূর্বে জঙ্গি নির্মূলে এবার অভিযান বাংলাদেশে’ সোমবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশের কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘উত্তর-পূর্বে জঙ্গি নির্মূলে এবার অভিযান বাংলাদেশে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। ভারতীয় পত্রিকার বরাত দিয়ে উক্ত খবরে ‘ভারতের বিদ্রোহীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে’ এ অজুহাতে জঙ্গি নির্মূলের নামে ভারত সরকারের বাংলাদেশে অভিযানের কথা বলা হয়েছে।’

শফিকুর রহমান বলেন, ‘কয়েক দিন পূর্বে ভারতীয় সেনাবাহিনী প্রতিবেশী দেশ মিয়ানমারে অভিযান চালিয়েছে। এখন সন্ত্রাস দমনের নামে বাংলাদেশে ভারতীয় অভিযানের উল্লেখিত খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন-সার্বভৌম প্রতিবেশী দেশ। দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। পারস্পারিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দুদেশের সমস্যার সমাধান হবে এটাই জনগণের প্রত্যাশা।’

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে ভারত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তার ব্যাপারে কোনো সমস্যার সৃষ্টি হলে সে বিষয়ে বাংলাদেশ সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ এ বিষয়ে সতর্ক রয়েছে বলে আমাদের বিশ্বাস।’

তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো তথ্য থাকলে ভারত বাংলাদেশকে সরবরাহ করতে পারে কিংবা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই নিরাপত্তার যুক্তি দেখিয়ে বাংলাদেশে অভিযান চালানোর কোনো সুযোগ নেই। এটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি এক ভয়াবহ হুমকি।’

শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণের অবস্থান সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারেই স্পষ্ট। বাংলাদেশের জনগণ মনে করে, ভারত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ প্রতিকারের জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে।’

তিনি বলেন, ‘এর বাইরে গিয়ে ভারত বাংলাদেশের ওপর সেনা অভিযানের উদ্যোগ গ্রহণ করলে তার পরিণতি হবে উভয় দেশের জন্য অত্যন্ত খারাপ।’

ভারত সরকার যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকবেন বলেও আশাবাদ ব্যক্তি করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

কেএইচ