বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নুরুল ইসলাম বুলবুল রাজধানীর শ্যামপুর এলাকায় সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

সোমবার চলমান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এবং দুস্থ পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ঢাকা মহানগরী দক্ষিণের শ্যামপুর থানার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

ওই সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও শ্যামপুর থানা আমীর জসিম উদ্দিন, শ্যামপুর থানা সেক্রেটারি আব্দুর রব ফারুকী প্রমুখ নেতারা।

নুরুল ইসলাম বুলবুল বলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় দলমত-নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত। সঙ্কটকালে অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। যাকাতভিত্তিক ও ইসলামী অর্থ ব্যবস্থা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি ও দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। ইসলামের মূল স্তম্ভের অন্যতম হলো যাকাত। যাকাত গরিবের প্রতি ধনীর করুণা নয় বরং হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বনির্ভর বাংলাদেশ গড়তে ও প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী দেখতে নারী ও পুরুষ উভয়েরই কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চলিয়ে যাচ্ছে।

নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, ন্যায় ইনসাফভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে না। পরকালীন জবাবদিহিতা ও ভ্রাতৃত্ববোধের কারণে জামায়াত মানুষের কল্যাণে নিজেদেরকে সদা উৎসর্গ করে। সকলের সম্মিলিত চেষ্টায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ ও জাতি উপহার দেয়া সম্ভব। এক্ষেত্রে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। আমরা সেলাই মেশিন বিতরণ ছাড়াও সমাজের অসহায় দুস্থদের আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। একইসাথে সমাজের বিত্তবানদের উচিত সার্বিক সহযোগিতার মাধ্যমে দারিদ্রমুক্ত জাতি গঠনে আত্মনিয়োগ করা। তিনি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

এমআর