দেশের উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে তার দল আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে এরই মধ্যে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মঞ্চের সামনে জড়ো হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে উদ্যানসহ আশপাশের এলাকা।
দুপুর ১২টা থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করে।
এদিকে, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাজুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশি করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে।
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাদা, সবুজ রঙের জামা আর লাল রঙের টুপি পরে পোস্টার আর ব্যানার নিয়ে দলে দলে ঢোল-তবলা বাজাতে বাজাতে ঢুকছে সমাবেশস্থলে। উদ্যানের আশপাশের এলাকায় প্রচুর মাইকে গান বাজছে।
এ ছাড়া শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের অনেক নেতাকর্মী চারুকলার সামনে দাঁড়িয়ে নাচ-গান করছে ঢোলের সঙ্গে। একই স্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি এসে পানি বিলি করছে।
সোহরাওয়ার্দী উদ্যানের ঢোকার পথে প্রচুর ভিড় থাকাতে উদ্যানের দেয়াল টপকে ভেতরে ঢুক্তে দেখা গেছে অনেককে। বেরও হচ্ছেন দেয়াল টপকেই।
দেশের উন্নয়ন ও অর্জনে অনন্য সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করায় এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।
এএস





