বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সিটি নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার উন্মাদ হয়ে গেছে। তাই তারা আমার গাড়িতে হামলা চালিয়েছে।
মঙ্গলবার টানা চতুর্থ দিনের মত নির্বাচনী প্রচারণায় নেমে রাজধানীর শান্তিনগরে এক পথসভায় একথা বলেন তিনি।
সন্ধ্যা ৭টার দিকে শান্তিনগরের চামেলী বাগের টুইন টাওয়ার কনকর্ড শপিং সেন্টারের নিচে ওই পথসভায় মির্জা আব্বাসের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন খালেদা জিয়া।
তিনি বলেন, সিটি নির্বাচনে নেমে বিএনপির পক্ষে ব্যাপক গণসমর্থন পেয়েছি। হত্যাকারী সরকার ভেবেছিল বিএনপি সিটি নির্বাচনে আসবে না তারা তাদের পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারবে।
তিনি আরো বলেন, সিটি নির্বাচনে ব্যাপক গণসমর্থন দেখে সরকার উন্মাদ হয়ে আমার গাড়িতে হামলা চালিয়েছে। প্রাণনাশের জন্য গুলি চালিয়েছে। এখনও গুলির দাগ ও চিহ্ন আছে।
খালেদা জিয়া বলেন, এখন দেশে কারো নিরাপত্তা নেই। গুম, খুন, হত্যা, সন্ত্রাস এখন নিত্য দিনের ঘটনা।
এসসময় সালাহ উদ্দিন ও ইলিয়াস আলীর গুমের উদারহণ টেনে খালেদা জিয়া সন্ত্রাসমুক্ত ঢাকা গড়ার জন্য ঢাকাবাসীকে মির্জা আব্বাসকে ভোট দেয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, ঢাকা আজ নোংরা আর আর আবর্জনার শহর। নারী নির্যাতন এখন প্রতিদিনের ঘটনা। মা বোনদের বলতে চাই এখনই সতর্ক হন তাহলে নিরাপত্তা পাবেন। এজন্য তিনি মির্জা আব্বাসকে ভোট দেয়ার অনুরোধ জানান।
এসময় খালেদা জিয়া আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগকে দায়ী করেন। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে আহবান জানান।
জনগণের উদ্দেশে তিনি বলেন, যদি আবর্জনা ও সন্ত্রাসমুক্ত শান্তির শহর চান তাহলে মির্জা আব্বাসকে ‘মগ’ মার্কায় ভোট দিন।
জেএ





