বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম চৌধুরী পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদকের পদ থেকেও সাময়িক ভাবে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
জরুরী সংবাদ সম্মেলনে সায়েম বলেন, পুলিশি হেফাজতে নিয়ে তাকেসহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের বিষয়টি সম্পূর্ন তার পেশাগত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এরসঙ্গে রাজনৈতিক বিষয়ের কোন সম্পর্ক নেই।
সায়েম আরও বলেন, সম্পূর্ণ আমার পেশাগত একটি বিষয়ের সঙ্গে রাজনৈতিক ও দলীয় পরিচয়কে একাকার করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত রিপোর্ট প্রচার করে কিছু সংবাদমাধ্যম। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে তার ইমেজ ক্ষুন্ন করারও অপচেষ্টা চালিয়েছে সংবাদমাধ্যমগুলো। তাই আমার পেশাগত বিষয়টির সঙ্গে রাজনৈতিক রং লাগিয়ে যাতে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ না পায় এ কারণে আমি পদত্যাগ করেছি।
একই সঙ্গে এই ঘটনাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সায়েম যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদকের পদ থেকেও অব্যহতি নিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসসহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার ব্যারিস্টার সায়েমের আইনী সহয়তা প্রতিষ্ঠান উজমা ল‘ সেন্টার থেকে সায়েমকেসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য বৃটেনের ইমিগ্রেশন পুলিশ ইউকে বর্ডার এজেন্সি তাদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে ওইদিনই ব্যারিস্টার সায়েমকে ছেড়ে দেওয়া হয়।
এমআর





