গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে মোবাইলে কথা বলেছেন তার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাত ৮টার দিকে বিএনপি প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান মায়ের শরীরের সার্বিক খোঁজ খবর নেন এবং চলমান সরকার বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন।

গুলশানের একটি সূত্র মা-ছেলের কথোপকথোনের বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই দলের বিভিন্ন বিষয়ে খোজখবর ও দিকনির্দেশনা দিচ্ছেন।

সূত্র জানায়, প্রায় ২০ মিনিটের কথোকথনে বেশিরভাগ সময়েই আন্দোলন প্রসঙ্গে কথা হয়েছে।

শনিবার রাত থেকে গুলশানের নিজের রাজনৈতিক কার্যালয়ে একপ্রকার ‘অবরুদ্ধ’ আছেন খালেদা জিয়া। কয়েকজন মহিলা দলের নেতা ছাড়া শীর্ষ কোনো নেতা গুলশানের কার্যালয়ে নেই। যদি সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি অবরুদ্ধ নন।

এমএইচ, জেএ