আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশে একই দিনে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানির ঘটনা কোনো অজুহাতেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘দুর্ঘটনায় ঈদে ঘরে ফেরা মানুষের এমন ক্ষয়ক্ষতি মেনে নেওয়া যায় না। এর দায়ভার সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।’
রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠনের ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় শুক্রবার দুপুরে তিনি এ সব কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন না করে সমঝোতার রাজনীতির পথে আসারও আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশের মানুষ আশা করছে, গণতন্ত্র রক্ষা করতে মিথ্যা জন্মদিন পালন থেকে বেরিয়ে এসে সার্বজনীনভাবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখবেন তিনি।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দেওয়ায় সাধুবাদ জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) খালেদা জিয়া কোর্টে গেছেন। শুধু যাওয়া পর্যন্তই যে শেষ, তা নয়। তিনি আইনের প্রতি শ্রদ্ধ রেখে কোর্টে বসেছেনও। দেরিতে হলেও তিনি আইনের প্রতি আস্থা রাখতে পেরেছেন। তিনি বুঝেছেন এ সরকার বিচার কাজ সঠিকভাবেই করে।’
সংগঠনের সভাপতি ড. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ।
এমএইচ





