বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস বলেছেন, তারেক রহমান কোন ফেরারী আসামী নয়। তিনি ষড়যন্ত্রের শিকার। তীব্র আন্দোলনের মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে সভাটি শুরু হয়। বিকাল সাড়ে ৪টার দিকে আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে তিনি অনুষ্ঠানে কোনো বক্তব্য রাখবেন না বলে জানা গেছে। দর্শক সারিতে বসে আলোচনা শুনছেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন হিটলার মুসোলীনিকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আন্দোলনে মাধ্যমেই এই স্বৈরাচারি সরকারের পতন নিশ্চিত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।
মির্জা আব্বাস বলেন, তারেক রহমান ইতিহাস থেকে বিভিন্ন বই কোট আনকোট করে বক্তব্য দেন। তিনি নিজে থেকে কোন বক্তব্য দেননি। ইতিহাসের এই সত্য আওয়ামীলীগের সহ্য হয়না। তাই তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে। কিন্তু তাদের এসব ষড়যন্ত্রের কিছুই টিকবেনা। বাংলাদেশের জনগন তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। অচিরেই তিনি বীরের বেশে দেশে ফিরে আসবেন।
তারেক রহমানের সাথে নিজের কারা জীবনের স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, জেল খানায় থাকতে দেখেছি-আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকতাম তখন তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে ভাবছেন। তাঁর চিন্তা চেতনায় সবসময় বাংলাদেশ ও দেশের জনগনের উন্নয়ন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, যুগ্ম মহাসবি এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সাংবাদিক শফিক রেহমান , শওকত মাহমুদ প্রমুখ।
জেআই





