কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিনা সে বিষয়টি নিশ্চিত হতে তাকে বিএসএমইউতে নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
আজ (রোববার) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, গত পরশুদিন সম্ভবত রোজা রাখার কারণে বেলা ৩টার দিকে তিনি অসুস্থতা বোধ করে পড়ে যাবার উপক্রম হয়েছিলেন। পরে তার গৃহকর্মী ফাতেমা তাকে ধরে ফেলেন এবং জেলের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেন। খালেদা জিয়ার সুগার লেভেল কমে গিয়েছিল বলে চিকিৎসকরা তাকে একটা চকলেট খাওয়ান।
আইনমন্ত্রী আরও বলেন, গতকাল (০৯ জুন) তার ব্যক্তিগত চিকিৎসকরা বেগম জিয়াকে দেখে এবং তার সাথে কথা বলে ধারণা করছেন তার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। আর এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে আমাকে জানানো হয়েছে।
এমবি





