দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচন হলে তারেক রহমানের কাছে গোপালগঞ্জের আসন থেকে নির্বাচন করলেও বর্তমান প্রধানমন্ত্রী তার নির্বাচনী জামানত হারাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবীদল আয়োজিত তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক কর্মজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, মার্কিন গবেষণায় শেখ হাসিনার জনপ্রিয়তা নাকি বেড়েছে, এমন কথা শুনতে পাচ্ছি।
সত্যিই যদি হাসিনার জনপ্রিয়তা বেড়েই থাকে তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দেশের যে কোন প্রান্তে বা এমনকি গোপালগঞ্জেও যদি নিরপেক্ষ একটি নির্বাচন হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী তার নির্বাচনের জামানত হারাবেন।
দেশের ইজ্জত নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর সোনার ছেলেরা ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই সোনার ছেলেরা হত্যা-গুম নারী নির্যাতন, ধর্ষণ এমন কোন জগন্য কাজ নেই যেখানে তারা লিপ্ত নয়।
তারেক জিয়াকে বাংলাদেশের আরেক জিয়া উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, তিনি দেশে ফিরে আসবেন।
আর কেউ তাকে ঠেকাতে পারবে না। কারন তিনি দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে। তার জন্য জীবন দিতেও প্রস্তুত তারা।
স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অস্বীকার করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আছে এটা সত্য। কিন্তু তাদেরও একটা বিশেষ উদ্দেশ্য ছিল। দেশ তারা দখল করবে এটি নয়, বাংলাদেশে এমন একটি সরকার থাকবে যে সরকার তাদের কথায় উঠবে এবং বসবে।
জীবনের শেষ পযন্ত বেগম খালেদা জিয়ার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, তিনি আপোসহীন নেত্রী। অন্যায়ের বিরুদ্ধে কখনও মাথা নত করেন না।
এমন কি ভারতের নিকট বিক্রি হওয়ার মত নেত্রী তিনি নন। তাই আল্লাহ যেন জীবনের শেষ মূহুর্ত পযন্ত তার পাশে থাকার তওফিক দান করেন আমায়।
আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোহাম্মাদ লিটনের সভাপতিত্বে কর্মজীবী সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমেদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড.আহমেদ আজম খাঁন, জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।
এমএ/এসএইচ





