আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে শেখ হাসিনার সরকারকে কয়েক টার্ম সময় দিতে হবে ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

আশরাফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেথ হাসিনাকে দেশের উন্নয়ন-অগ্রযাত্রার জন্য আরো বেশি সময় দিতে হবে। দেশের উন্নয়নের জন্য একটার্ম নয়, আরো কয়েকটার্ম প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন আছে।’

এর আগে বেলা আড়াইটার দিকে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভা সঞ্চালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। দুপুর ৩টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হন।

সভায় কোরআন তেলাওয়াত করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুফী সুলতান আহমেদ, গীতা পাঠ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক দিলীপ রায়।

একে একে ত্রিপিটক ও বাইবেল থেকেও পাঠ করা হয়। সভা শুরুর ৫ মিনিট আগে সভা মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী আশরাফুল ইসলাম।

উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। সভা শুরুর প্রথমে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এরপর বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

এমকে