প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে পৌঁছনোর আগেই জন এফ কেনেডি বিমানবন্দরে পাল্টাপাল্টি সমাবেশ শুরু করেছে প্রবাসের আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা।

সোমবার নিউ ইয়র্ক সময় সকাল ৮টায় শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটির নিউ ইয়র্ক পৌঁছনোর কথা থাকলেও তাতে প্রায় দুই ঘণ্টা বিরতি হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত প্রায় ৮টা) নামবে বলে বিমানবন্দর থেকে জানানো হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা ঘণ্টাখানেক আগে থেকে বিমানবন্দরের বাইরে ব্যানার হাতে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে।

আওয়ামী লীগ শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের মুখে স্লোগান শেখ হাসিনাকে ফিরে যাওয়ার। প্রায় ৩০০ গজ ব্যবধানে দুই পক্ষের সমাবেশই ঘিরে রেখেছে পুলিশ। ফলে দুই পক্ষ একে অন্যের কাছাকাছি আসতে পারছে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে এই সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোববার রাতে রওনা হয়ে দুবাইয়ে যাত্রাবিরতি দেন তিনি।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই