প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘একা সরকারের পক্ষে কখনো দুর্নীতি নির্মূল সম্ভব নয়। এজন্য প্রতিটি নাগরিককে নিজের জায়গা থেকে সতর্ক থাকতে হবে। সমাজে যদি দুর্নীতি থাকে তাহেল কোনো ধরনের উন্নয়নই সম্ভব নয়। একই সাথে দারিদ্র্য নির্মূল করাও অসম্ভব।

মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘরে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’শীর্ষক এ আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু কবিতা পরিষদ।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে তার কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, একটি সুখী সমৃদ্ধ ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে শেখ হাসিনা নির্ঘুম রাত কাটান। কিন্তু তার একার পক্ষে আসলে সবকিছু সম্ভব নয়। দেশের উন্নয়নের স্বার্থে প্রতিটি নাগরিককে তার পাশে এসে দাঁড়াতে হবে।

বঙ্গবন্ধু কাবিতা পরিষদের সভাপতি আবুল বাশার সেরনিয়াবাত’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, রেজওয়ান আহাম্মদ তৌফিক, অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

আলোচনা সভা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ