সিএমএম আদালতে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের ও সমন জারির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকারের সর্বগ্রাসী হিংসার প্রতিফলন আখ্যা দিয়ে মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখলেই বোঝা যায় বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি এখন দুর্বৃত্তদের কুশাসনে জর্জরিত। ক্ষমতা আঁকড়ে রাখতে সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারদের দিয়ে সাজিয়ে দানবে পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, এই অবৈধ ক্ষমতাসীনরা সত্য, ন্যায্য এবং প্রামাণিক কথা সহ্য করতে পারে না। আর এজন্যই বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সরকারি মদদে তাঁর বিরুদ্ধে সমন জারী করা হয়েছে।

অবিলম্বে  বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও সমন জারি প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

জেআই