লন্ডন সফর শেষে আগামী ১৬ অক্টোবর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির একটি নির্ভর যোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

লন্ডন বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা শনিবার বিকালে জানিয়েছেন, এ্যামিরেটস এয়াইরলাইন্সের একটি ফ্লাইটে ১৫ অক্টোবর তার দেশে ফেরার জন্য বুকিং রয়েছে।

প্রায় মাসব্যাপী এই সফরে লন্ডনের একটি হাসপাতালে বেগম জিয়ার দু’চোখের সফল অপারেশন হয়েছে। এছাড়াও তার পায়েরও চিকিৎসা হয়েছে। লন্ডনের কিংস্টোনে বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন। পরিপূর্ণ সুস্থ বোধ করলে ১৬ অক্টোবরই দেশে ফিরবেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর চোখের চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে তার সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা।

বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, সফরকালীন বেগম খালেদা জিয়া দল পুনর্গঠনের সাথে সম্পর্কিত নানা বিষয়ে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিশদ আলোচনা করেছেন। একইসাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নিয়েছেন।

এমএইচ