বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত চেয়ে যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়েছে সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, তারেক রহমানকে দেশে ফেরত চেয়ে একটি চিঠি যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরে পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষরিত ওই চিঠি গত বুধবার ঢাকা থেকে পাঠানো হয় বলেও নিশ্চিত করেন তিনি।
শাহরিয়ার আলম আরও জানিয়েছেন, ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের কাছেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ও তার অবস্থান সম্পর্কে জানার উদ্যোগগুলোর কথা মৌখিকভাবে জানানো হয়েছে।
তিনি জানান, সম্প্রতি হাইকোর্টের একটি আদেশে পররাষ্ট্র সচিবের কাছে তারেক রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রণালয় এসব উদ্যোগ নিলো।
এছাড়া তারেক রহমানের অবস্থান জানতে লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও একট চিঠি পাঠানো হয়েছে। দূতাবাস তারেক রহমানের অবস্থান সম্পর্কে খোঁজ খবর নিয়ে তা অবহিত করবে।
জেএ





