খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা-কুমিল্লায় মামলা হয়েছে। এভাবেই দেশের যে স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যা হবে। বিএনপি প্রধান হিসেবে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দেশের সর্বত্র মামলা করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১০ম মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০০১ সাল থেকে তারেক রহমানের সঙ্গে জঙ্গি কানেকশন শুরু হয়েছে। এর সুবাদে জঙ্গি নেতা জাওয়াহিরি একবার বাংলাদেশে ঘুরে গেছে এবং তারই যোগসাজসে বাংলাদেকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে তারেক রহমান। এরই ধারাবাহিকতায় তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছেন খালেদা জিয়া।

কামরুল বলেন, বিএনপি এখন জামায়াতের পেটে ঢুকে গেছে। এখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না বিএনপি। জামায়াত নির্বাচনে যায়নি বলে বিএনপিও যায়নি। আর এ কারণেই বিএনপির কিছু নেতাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তাই বিএনপির ভেতরে আমরা ভাঙ্গনের শুরু দেখতে পাচ্ছি।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোন আলোচনা নয়। যারা এদের সঙ্গে আলোচনা করার কথা বলে, তারা কখনো দেশের মানুষের ভালো চায় না।

একই আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, কোকোর লাশ নিয়ে বিএনপি কোন বিশৃঙ্খলা কররে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমআর/ এআর