জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখলকারী। তার গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও অবৈধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় গণভবনে টুঙ্গিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য সে অবৈধ দল থেকে ছবক শুনতে হয়। যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে।
বিএনপি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না বলেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে আবোল-তাবোল কথা বলছে-এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট স্বাধীনতায় বিশ্বাস করলে মুক্তিযুদ্ধ নিয়ে এত আজে-বাজে কথা বলতো না। মুক্তিযুদ্ধ এবং যে সংবিধান সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসিত হয়েছে, তা নিয়েও কটাক্ষ করার মতো দুঃসাহস তারা দেখিয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন সাহেব। জিয়াউর রহমান সেই সরকারের বেতনভুক্ত কর্মচারী। এই জিয়াউর রহমানকে সাহায্য করেছিল কর্নেল তাহের। যার একটি পা পঙ্গু ছিল। পঙ্গুদের ফাঁসি দেওয়ার নিয়ম না থাকলেও তাঁকে ফাঁসি দেওয়া হয়। কত বড় মোনাফেক হলে ক্ষমতা দখল করতে তাকে যারা সাহায্য করেছিল, তাদের হত্যা করা হয়।’
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা বেগম বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b] [b]// কেবি[/b]





