চট্টগ্রাম: নাশকতার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন, সীতাকুণ্ডের ওমর ফারুক (২৫), আবদুল জলিল রুবেল (২৮)। বাকিদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, সীতাকুণ্ডের বারবকুণ্ড, জলিল গেইটসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে মহাসড়কে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
পুলিশ সূত্র জানায়, ১৮দলীয় জোটসহ জামায়াত-শিবিরের ডাকা হরতাল-অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগসহ নৈরাজ্যকর ঘটনায় গ্রেপ্তারকৃতরা সরাসরি অংশ নিয়েছিল।  
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার ওসি খালেদ হাসান বলেন, ‘উপজেলার ছদাহা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।’