বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সফরের এক সপ্তাহের মাথায় তিনি এই প্রথম চিকিৎসকের কাছে গেলেন। লন্ডন সফরে খালেদা জিয়ার পা ও চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, আজ (মঙ্গলবার) স্থানীয় সময় দুপুরে খালেদা জিয়া সেন্ট্রাল লন্ডনের হার্লি স্ট্রিটের একজন চিকিৎসকের কাছে যান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তাঁর মাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান।
এম এ মালেক বলেন, চিকিৎসার বিষয়টি তারেক রহমান নিজেই দেখাশোনা করছেন। পরিবার থেকেই চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় ঠিক করা হচ্ছে। ফলে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বা পরবর্তী সাক্ষাতের সময় সম্পর্কে কিছুই জানেন না। তিনি কেবল তারেক রহমানকে সঙ্গ দিতে হার্লি স্ট্রিটের ক্লিনিকে উপস্থিত ছিলেন বলে জানান।
এম এ মালেক বলেন, ‘আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্যে ঈদ উদ্যাপিত হবে। ওই দিন ম্যাডাম সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ওই অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে।’ ঈদের পর খালেদা জিয়া নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন বলে জানান এম এ মালেক।
জানা গেছে, ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া পরিবারের সদস্যদের সঙ্গেই সময় পার করছেন। বাসায় তিনি কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন না। গত ১৬ সেপ্টেম্বর সকালে খালেদা জিয়া লন্ডনে যান। তিনি লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। খালেদা জিয়ার লন্ডন গমন উপলক্ষে তাঁর প্রয়াত পুত্র আরাফাত রহমানের স্ত্রী ও দুই মেয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে গিয়ে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।
এমএইচ/এআই





