রেকর্ড চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী বুধবার (০৯ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণর পর এটিই ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর প্রথম সফর।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানানো হয়, বুধবার (৯ জানুয়ারি) সকাল ৯ টা ৫০ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় বিমানবন্দরে উপস্থিত হয়ে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।
সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এ সময় সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করবেন।
এদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এএস





