বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দু-একদিনের মধ্যেই লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নির্দিষ্ট করে তারিখ উল্লেখ না করে রিপন বলেন, চিকিৎসার বিষয়টি সম্পূর্ন ব্যক্তিগত। সেজন্য সফরের তারিখ নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা। তবে এটা নিশ্চিত বিএনপি চেয়ারপারসন লন্ডন সফরে যাচ্ছেন। আর তা হতে পারে মঙ্গলবার অথবা বুধবার।

লন্ডন সফরে সে দেশের শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্দিষ্ট করা আছে কি না সে সম্পর্কে জানতে চাইলে দলের এই মুখপাত্র বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী, দেশের বড় রাজনৈতিক দলের প্রধান। তিনি কোনো দেশ সফর করলে সে দেশের প্রধান বা রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক হলে অস্বাভাবিক কিছু নয়।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে বিএনপি চেয়ারপারসন লন্ডন সফরে যাচ্ছেন। তবে বিষয়টি নিয়ে দলটির কোনো নেতার স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেত্রীর এই সফরে দেশের রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে দলের অবস্থান এবং সর্বোপরি দল পুনর্গঠন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একান্তে কথা বলবেন মা-ছেলে। দলের কিছু অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নিতে দীর্ঘদিন ধরে ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ছিলেন বিএনপি প্রধান।

জানা গেছে, লন্ডনে চোখের চিকিৎসার পাশাপাশি পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনী জাইমা রহমানের সঙ্গে পারিবারিক সান্নিধ্যে সময় কাটাবেন তিনি। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এ সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো তারেক রহমানের সঙ্গে দেখা হচ্ছে খালেদা জিয়ার। এর আগে দুই দফা লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী। সর্বশেষ সৌদি আরবে সাক্ষাৎ হয় ২০১৪ সালের মার্চের মাঝামাঝিতে। তখন লন্ডন থেকে পবিত্র ওমরাহ পালন করতে সপরিবারে সৌদি আরব যান তারেক রহমান।

লন্ডনের একটি সূত্রে জানা গেছে, লন্ডন সফরকালে বৃটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ও বেশ কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বৃটিশ পার্লামেন্টের এমপি বাঙালি বংশোদ্ভূত রুশনারা আলীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। সে লক্ষে বিএনপির কূটনৈতিক নেতারা কাজ করে যাচ্ছেন। সফরে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এছাড়াও পেশাজীবী ও প্রবাসীদের উদ্যোগে খালেদা জিয়াকে নাগরিক সংবর্ধনাও দেওয়ার কথা রয়েছে। 

এমএইচ