বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

 

আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে এই ‘রেড অ্যালার্ট’জারি করা হয়েছে।

 

ইন্টারপোলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ব্যক্তি (ওয়ান্টেড পারসনস) হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ রয়েছে। তবে সেখানে ‘রেড অ্যালার্ট’ জারির তারিখ উল্লেখ নেই।

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) প্রধান মাহবুবুর রহমান ভূঁইয়া একটি বাংলা দৈনিককে বলেন, আমরা অনেক দিন আগেই ইন্টারপোলে এ নোটিশ পাঠিয়েছিলাম।

 

ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশের ৬৭ জন তালিকাভুক্ত ব্যক্তির নাম রয়েছে। তালিকায় সবার শেষে তারেক রহমানের নাম, ছবি ও বিবরণ রয়েছে। তাঁর আগে আছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া পলাতক আসামি আবদুল জব্বারের নাম।

 

 

ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমান সম্পর্কে বিবরণে বলা হয়েছে, তাঁর জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। এতে তারেক রহমানের উচ্চতাসহ শারীরিক বিবরণও আছে।

 

এ ব্যাপারে তারেক রহমানের অন্যতম আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। ইন্টারপোল কোনো রাষ্ট্র বা সরকারের রাজনৈতিক এজেন্ডায় কাজ করে না।

 

কেএইচ