প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক হীনমন্যতায় ভূগছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারন তার বক্তব্যে স্বভাবসুলভ ভঙ্গিতে দাম্ভিকতা ও অহংকারবোধ প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, গতকাল ২০ দলীয় জোটের একটি সমাবেশ ছিল। ঠিক একই সময়ে তিনি (শেখ হাসিনা) সংবাদ সম্মেলন আহ্বান করার মধ্য দিয়ে প্রমাণিত হল তিনি কতটা হীনমন্যতার পরিচয় দিয়েছেন।
শুক্রবার বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন।
বিএনপির এই নেতা বলেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি কথায় অহংকার, দাম্ভিকতা ও ক্ষমতা অপব্যবহারের পদধ্বনি ফুটে উঠেছে।
‘খুনীদের সঙ্গে কীসের আলোচনা’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এর মাধ্যমে তিনি আবারো জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন। কারণ দেশের জনগণের কাছে বিষয়টি খুবই স্পষ্ট যে, পঁচাত্তরের হত্যাকান্ডের সঙ্গে আওয়ামী লীগের লোকজনই জড়িত ছিল।
তিনি আরও বলেন, তবে এটি সত্য যে বিগত ৫ বছরে বর্তমান সরকার বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীর প্রাণ নিয়েছেন। গত বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩মাসে বিএনপির ৩১০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ৬৫ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনী কর্তৃক এসব হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এর জন্য একদিন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয়েছিল। যার কথা মুফতি হান্নান পরবর্তীতে আদালতে তার আগের দেয়া জবানবন্দী প্রত্যাহারের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চান না একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত হউক। তিনি বিচারাধীন মামলায় প্রভাব সৃষ্টি করে তারেক রহমানকে ফাঁসাতে চাইছেন। যার কারণে এই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। চার্জশিট বাতিল করে আবার তদন্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধূরী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন, ছাত্রদলের সাধারন সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আসেম সম্মেলন শেষে দেশে ফেরার কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আসেম সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে সম্মেলন করেন।
এমএইচ/জেআই





