বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকালে আরিচা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুলের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের আশুলিয়ার বিশমাইলে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই সরকার তাঁর সম্পর্কে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। অপপ্রচারের যে হীন কৌশল সরকার বেছে নিয়েছে, তা ব্যর্থতায় পর্যবসিত হবে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে হুমকি-ধমকি দিচ্ছেন এবং ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একজন কুলাঙ্গার লন্ডনে বসে আছে। ব্রিটিশ সরকার কেন তাঁকে সেখানে জায়গা দিয়েছে, জানি না।’
এমই





