বাংলাদেশ সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের মাটিতে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোনোদিন টিকে নাই আর টিকতে পারেও না।
তিনি বলেন, “দেশে যেই অন্যায় করুক না কেন অন্যায়কে দেশের মাটিতে বাঙালিরা কোনও দিন মেনে নেই নাই। আজও নেবে না। আমি বেঁচে থাকি আর না থাকি আমার কথাটা একদিন একশত ভাগ সত্য হবে আপনারা জেনে রাখেন।”
রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ৩য় তলা কনফারেন্স লাউঞ্জে গণফোরাম এর উদ্যোগে 'ড়া. রওশন হাকিম, ফজলুল কবীর কাউসার ও আবুল হাসনাত' এর মৃত্যুতে শোক সভায় তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, “এ দেশে জনগণকে শোষণ করে কেউ বেশি দিন টিকতে পারে নাই। পাকিস্তান আমল থেকে ৯০ এর দশকের স্বৈরশাসকদেরও এদেশের মানুষ টিকে থাকতে দেয় নাই। আমি শতভাগ বিশ্বাস করি অন্যায়কারীরা আজও টিকবে না।”
তিনি আরও বলেন, “কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কিছু দিন ক্ষমতায় থাকার চেষ্টা করে তারা যদি মনে করে সব ক্ষমতা তাদের হাতে চলে এসেছে তাহলে সেটা হবে তাদের বোকামি। কারণ বাংলার মাটিতে কেউ বেআইনিভাবে, অগণতান্ত্রিকভাবে টিকে থাকতে পারবে না।”
এসময় তিনি সবাইকে আহ্বান করে বলেন, “বাঙালিরা ভাষা, স্বাধীনতা ও সৈরাচারের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলো আজও আমাদের সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে যারা দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে না।”
শোকসভায় উপস্থিত ছিলেন- গণফোরমের প্রেসিডিয়াম সদস্য জামাল উদ্দিন, শিক্ষাবিষয়ক সম্পাদক বিলকিছ বানু ও ডা.তাসমিনা হামিদ প্রমুখ।
এমবি





