ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
রোববার সকাল সাড়ে ৯টায় বাড্ডা এলাকায় বিক্ষোভ করে দলটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদে শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে কয়েকশত জামায়াত ও শিবির নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে বাড্ডায় গিয়ে শেষ হয়।
পরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার বিভৎস চিত্রসম্বলিত একটি ব্যানার প্রদর্শিত হয় সেখানে।
এসময় জামায়াতের কর্মপরিষদ ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন, রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি এম ফয়সাল পারভেজসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে জামায়াতে ইসলামী। শনিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ // জেআই





