বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন,মানুষ হত্যা করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারবেন না। তিনি আরো বলেন, অবৈধভাবে নির্বাচিত হয়ে আপনি ক্ষমতাকে কুক্ষিগত করতে মানুষ হত্যা শুরু করেছেন। বিচারবহির্ভূত ও আইনবহির্ভূত এসব হত্যা বন্ধ করুন, অন্যথায় এর জবাদিহিতা আপনাকেই এক সময় করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮-তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আপনি (শেখ হাসিনা) এখন প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু আপনার রাগ এখনও কমেনি। গত ৫ জানুয়ারি একটি প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। কিন্তু  জনগণের উপর এখন আপনার রাগ বন্ধ করুন। মানুষ হত্যা আর নয়, এখন ক্ষমতার মোহ ত্যাগ করে মানুষ হত্যা বন্ধ করুন।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, গত ৫ জানুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগ ও আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করেছে, যাতে বেগম জিয়া নির্বাচনে অংশগ্রহন না করে এবং ক্ষমতায় আসতে না পারেন।
তিনি বলেন,  আমি স্বাক্ষী দিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, দিয়েছে জিয়াউর রহমান। আর যারা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, তারা হচ্ছে শেখ হাসিনার মত মুক্তিযোদ্ধা।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আপনি পাকিস্তানে চলে যেতে বলেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, বাংলাদেশ ছেড়ে বেগম খালেদা জিয়া যাবে না, আপনি যাবেন ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ৫ জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচন হয়নি। কারণ এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেননি, এই নির্বাচন ছিল বিরোধী দলবিহীন একটি প্রহসন মূলক নির্বাচন।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা চৌধুরী আবু তালেবের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামে সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।
ঢাকা, ২৮ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//টিএম//টিআই