সৌদি বাদশাহর মেহমান হিসেবে আগামী ৮ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওমরা পালনের জন্য সৌদি আরবে যাবেন। সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে সেখানে অবস্থান করবেন জিয়া পরিবারের সদস্যরা।
আর একই সময় ওমরা পালন করতে আসায় সৌদি আরবে সাক্ষাত হচ্ছে মা খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানের। দীর্ঘ একবছর পর তাদের এই সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে বিএনপির সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে বলেন, ৮ জুলাই বুধবার সন্ধ্যার পরে বেগম খালেদা জিয়ার সৌদি যাওয়ার ফ্লাইটের শিডিউল রয়েছে। তা আজ (মঙ্গলবার) রাতের মধ্যেই চূড়ান্তভাবে জানা যাবে।
তিনি আরও বলেন, ওমরা পালনের সময় তার সফর সঙ্গী হচ্ছেন পরিবারের ৮-১০ জন সদস্য, তাও আজ রাতেই তিনি চূড়ান্ত করবেন।
চেয়ারপারসন কার্যালয়ের অপর একটি সূত্রে জানা গেছে, তার ৮জন সঙ্গীর মধ্যে ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা রয়েছেন। এবার দলীয় কোনো নেতা থাকছেন না।
বেগম খালেদা জিয়ার সফর সূচীর মধ্যে রয়েছে, তিনি ৮, ৯ ও ১০ জুলাই পবিত্র মদিনা মনোয়ারায় অবস্থান করে মসজিদে নববীতে নামাজ পড়বেন।
১১ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাবেন। সেখানে ১১, ১২ ও ১৩ জুলাই অবস্থান করে ওমরা পালন করবেন।
১৩ জুলাই মক্কা মোকাররমায় পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন এবং ওই রাত ইবাদতের মাধ্যমে পার করবেন।’
অন্যদিকে বিএনপির লন্ডন শাখার একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, লন্ডন প্রবাসী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও স্ত্রী জোবাইদা রহমান ও দুই কন্যাসহ ৮ জুলাই দুবাই এসে খালেদা জিয়ার সঙ্গে যোগ দেবেন এবং একত্রে সৌদি আরবে যাবেন। গত বছরও তারেক রহমান দুবাই থেকে খালেদা জিয়ার সঙ্গে একত্রে সৌদি আরবে গিয়েছিলেন।
দলের চেয়ারপারসনের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাজনৈতিক বেশ কিছু সিদ্ধান্ত নিতেই মা- পুত্রের বৈঠক অনুষ্ঠিত হবে। মা-ছেলের সাক্ষাতকালে ঈদের পর বিএনপিকে পুনর্গঠনের যে কাজ শুরু করার কথা রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হতে পারে।
এই বৈঠকে দল পুনর্গঠন ছাড়াও ২০ দলীয় জোটের ভবিষ্যত কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে। সাক্ষাতের সময় আলোচনার সুবিধার্থে উভয়ের পক্ষ থেকে একটি হোম ওয়ার্কও করা হয়েছে একটি সূত্রে জানা গেছে।
লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, এ সময় তারেক রহমানের পক্ষ থেকে চেয়ারপারসন খালেদা জিয়াকে পরীক্ষিত নেতাদের একটি তালিকা দিতে পারেন। যাদেরকে আগামীতে দলের নেতৃত্বে আনা যায়।
আর খালেদা জিয়া সম্প্রতি বাংলাদেশ সফরকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের বিষয়বস্তু তারেক রহমানকে অবহিত করবেন।
অন্য একটি সূত্রে জানা গেছে, দল গুছিয়ে আন্দোলন না কি আপোস-মীমাংসার মাধ্যমে আন্তর্জাতিক চাপের কারণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করা যাবে সে বিষয়টি নিয়েও তারা কথা বলবেন।
এছাড়াও দলে ও ২০ দলীয় জোটের ভাঙ্গণ প্রশ্নে যে আলোচনা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সে বিষয়ে করণীয় নিয়েও খালেদা-তারেক কথা বলবেন।
এছাড়াও তাদের মধ্যে আসন্ন কাউন্সিলে মহাসচিব নির্ধারণসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে খালেদা জিয়া কোনো মামলায় দোষী সাব্যস্ত হলে কে বিএনপির নেতৃত্ব দেবেন, সে বিষয়েও আলোচনা হতে পারে।
মামলায় দোষী সাব্যস্ত হলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান করার চিন্তা করছেন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে তিনি তারেক রহমানের সঙ্গে বিস্তারিত কথা বলবেন।
তবে এ বিষয়ে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডিকে বলেন, ‘চেয়ারপারসন সৌদি আরবে যাচ্ছেন ওমরা হজ করতে। সেখানে তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন।
রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার সুযোগ কোথায়?’ তবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের রহমানের একই সময়ে ওমরা পালনের বিষয়ে তার জানা নেই বলেও দাবী করেন তিনি।
এমএইচ/ইআর/এসএইচ





