সরকারের উদ্দেশ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, কৃতদাস সরকার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর চক্রান্ত শুরু করেছে। জিয়ার মাজারে হাত দিলে সারাদেশে দাবানলের মতো আগুন জ্বলবে।

বুধবার দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা জাগপা আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, আপনাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সুতরাং শহীদ জিয়ার মাজার বাদ দিয়ে নিজেদের কথা ভাবুন।

প্রধান বলেন, দিল্লির মদদে আওয়ামী জালিমশাহীর ইতিহাস হচ্ছে পিলখানার সেনা হত্যা, শাপলা চত্বরে নিরাপরাধ আর এতিম আলেম-ওলামা হত্যা, কালশির বিহারি পল্লীতে গণহত্যা, অগ্নি সংযোগ, চলমান গণআন্দোলনে অগনিত বিরোধী নেতা-কর্মী হত্যার ইতিহাস। তিনি বলেন, শেখ মুজিবের কথিত সোনার বাংলা এখন শেখ হাসিনার আমলে বিরান বদ্ধভূমি।

জাগপা সভাপতি বলেন, অবৈধ সরকার দেশবাসীর বিরুদ্ধে কসাইয়ের ভুমিকায় নেমেছে। এদের হাতে বাঙ্গালি, পাহাড়ি, বিহারি, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কেউই নিরাপদ নয়।

স্বাধীনতা সংগ্রামে পুলিশ, বিডিআর আর সোনাবাহিনীর গৌরবোজ্জল ভুমিকার ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, অবৈধ সরকারের হুকুম তামিল করতে আপনাদের ভাই ও সন্তানের বুকে গুলি চালাবেন না। মনে রাখবেন, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গর্বিত কর্মচারী। শেখ হাসিনার জমিদারীর লাঠিয়াল নন। গুম, খুন, অপহরণ আর হত্যা করা আপনাদের কাজ নয়।

শফিউল আলম প্রধান দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুন্থানের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে শফিউল আলম প্রধান চলমান আন্দোলনে শহীদ যুবদল নেতা আব্রাহাম লিংকন ও কারাবন্দি রংপুর শহর জামায়াত সেক্রেটারি জিল্লুর রহমানের বাসভবনে যান ও পরিবারের  সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় জাগপা নেতৃবৃন্দ ছাড়া বিএনপি নেতা হাজি তাহের উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই