বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট জারি’কে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেছে বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি করেন।

রিপন বলেন, ইন্টারপোল রেড এলার্ট জারি করে না। তারা সদস্য দেশের দেওয়া তথ্য প্রকাশ করে। তাই এদেশ থেকে যে তথ্য পাঠানো হয়েছে তা প্রকাশ করেছে মাত্র। এর আগে সরকারের কতিপয় মন্ত্রীরা বলেছেন ইন্টারপোলের মাধ্যমে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এই রেড এলার্ট মন্ত্রীদের বক্তব্যের বহি:প্রকাশ। এটি একটি নাটক।

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রেড এলার্ট জারি করে বিএনপিকে চাপে রাখা যাবে না। সরকারের কোন অপচেষ্টা সফল হবে না।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে আছেন। তিনি পলাতক নয়। তিনি এমন দেশে আছেন যে দেশ আইনের শাসনে বিশ্বাসী,মানুষের অধিকারের প্রতি সচেতন।

তিনি আরো বলেন, তারেক রহমান- জয় সর্ম্পকে নীতিবাচক প্রচারণা ভবিষ্যৎ রাজনীতির জন্য ভাল হবে না। জয় রাজনীতিতে এসেছেন তাকে সাধুবাদ জানাই। তারেক রহমানও নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন। সেটা কোন চাপিয়ে দেওয়া পদ নয়। কাউন্সিলেই নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের অতীতের ব্যর্থতা দূর করে সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার আহবান জানিয়ে রিপন বলেন, ভয় ভীতি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ভোটার কেন্দ্রে যেতে পারে না। তাই ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা করেন।

তিনি অভিযোগ করে বলেন, ঢাকা দক্ষিন সিটি করপোরশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিভিন্ন জায়গা থেকে পোস্টার লিফলেট ছিনিয়ে নিয়ে গেছে পুলিশ । এবং ছাত্রলীগ নেতা শিশির অস্ত্র উচিয়ে আব্বাসের কর্মীদের ভয় দেখিয়েছে। ইসি তার কোন ব্যবস্থা নেয়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

এমএইচ/ইআর