ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নাম প্রস্তাব করবে বলে জানাগেছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

জানাযায়, বৈঠকে সার্চ কমিটি নিয়ে আলোচনার সূত্রপাত করেন দলের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ও মন্ত্রী। তিনি বলেন, সার্চ কমিটিতে নাম দিতেও পারেন; না দিলেও সমস্যা নেই। তবে নাম না দেয়াই ভালো হবে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে যেহেতু রাষ্ট্রপতি একটি ভালো উদ্যোগ নিয়েছেন এবং সার্চ কমিটি ভালোভাবে কাজ শুরু করেছে। সেখানে সহযোগিতা করা উচিত। আওয়ামী লীগ সার্চ কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে। সার্চ কমিটির এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে আমরা নাম পাঠাবো।

দলীয় প্রধানের বক্তব্যকে সমর্থন জানিয়ে দলটির সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য সার্চ কমিটিকে সহযোগিতা করতে তাদের প্রস্তাবে সাড়া দিয়ে আওয়ামী লীগের নাম পাঠানো উচিত বলে মত দেন।

বৈঠকে উপস্থিত সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্য জানান, আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা পাঠানো হবে।

বৈঠকে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে সহযোগিতা করা ও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার সিদ্ধান্ত হয়।

নাজিব