নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ যাত্রা ঘণ্টা দেড়েকের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমাণ্ডু যেতে পারছেন না তামিম।
ফলে কাতার হয়ে নেপালের রাজধানীতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে তামিমের।
টুর্নামেন্টে তামিমের দল ভাইরাওয়া গ্ল্যাডিয়েটর্স। তামিমের সঙ্গে বিদেশি ক্রিকেটাররা হচ্ছেন শ্রীলঙ্কার অবসর নেয়া ২ ক্রিকেটার উপুল থারাঙ্গা ও ধামিকা প্রাসাদ।
এছাড়াও রয়েছেন শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শাহজাদ, চন্দ্রপল হেমরাজ, সিকুগে প্রসন্ন, রহমানউল্লাহ গুরবাজ, রায়ান বার্ল, আসেলা গুনারত্নে, ওশাদা ফার্নান্ডো ও রিচার্ড লেভি।
আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে লিগটি। পরের দিন রোববার ১ম ম্যাচ খেলতে নামবে তামিমের দল।
প্রায় ২ মাস ইনজুরিতে ভোগার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এইচএন





