সাম্প্রতিক সময়ে ভারতের পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। দেশটির কিংবদন্তি শোয়েব আখতার, সাকলাইন মুশতাক, মোহাম্মদ ইউসুফ, রানা নাভেদ-উল হাসান নিয়মিত কোহলিদের প্রশংসা করছেন। এবার তাদের গুণগান গাইলেন পাক লিজেন্ড ইনজামাম-উল হক।

গেল বুধবার হ্যামিলটনে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ভারত। টান টান উত্তেজনার ম্যাচে সুপার ওভারে গিয়ে জিতে তারা। নেপথ্য নায়ক হিটম্যান রোহিত শর্মা। ওই ওভারে টানা ২ ছক্কা মেরে দলকে অনন্য জয় উপহার দেন তিনি।

এ নিয়ে কিউইদের মাঠে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল টিম ইন্ডিয়া। তাদের ঐতিহাসিক এ জয়ের পেছনে বেশ কয়েকটি কারণ দেখছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে নিয়মিত আয়োজনে সেগুলো বিশ্লেষণ করেছেন তিনি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক বলেন, ভারতের দুজন বড়মাপের ক্রিকেটার আছেন। একজন রোহিত, অন্যজন বিরাট। তারা খুবই ভালো খেলোয়াড়। তবে কেবল দুজনের ওপর নির্ভর করে ম্যাচ জেতা যায় না। ওই দিন লোকেশ রাহুল ও শ্রেয়ার আইয়ার দারুণ খেলেছে। এতেই স্পষ্ট, মেন ইন ব্লুরা এখন শক্তিশালী দল। নিজেদের সেরা দুই ক্রিকেটার আউট হওয়ার পরও তাদের অন্য ক্রিকেটাররা খেলা বের করে আনতে পারে। যে কোনো পরিস্থিতি থেকে বিজয় ছিনিয়ে নিতে পারে।

ইনজামাম বলেন, বিদেশে জেতা খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে ভারত প্রমাণ করেছে তারা অদম্য, অপ্রতিরোধ্য দল। কোহলিরা সর্বজয়ী হয়ে উঠছে। একটা কথা মাথায় রাখতে হবে, সফরে গিয়ে হোম টিমকে হারানো খুবই কঠিন। সেটিই করে দেখিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের '৯২ বিশ্বকাপ জয়ে ব্যাট হাতে অসামান্য অবদান রাখেন ইনজামাম। ক্যারিয়ারে একা হাতে দলকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। তাই ৪৯ বছর বয়সী ক্রিকেটার খুব ভালো করে জানেন, কোথায় ম্যাচ জয়ের গুরুত্ব কতটা।

সর্বোপরি ভারতীয় বোলিং আক্রমণের প্রশংসা করেন ইনজি। তিনি বলেন, তাদের রয়েছে বোলিং কিং জাসপ্রিত বুমরাহ। তাকে সমর্থন দিচ্ছে মোহাম্মদ শামি। আর তাদের সঙ্গ দিচ্ছে ভালো মানের স্পিনাররা। সব মিলিয়ে এ দল পরিপূর্ণ প্যাকেজ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভারসাম্য থাকায় দুর্দমনীয় গতিতে ছুটছে তারা। তথ্যসূত্র: টাইমস নাও।

এমআর