ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। সেই আনন্দের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে নতুন খবর, আইসিসি বিশ্বকাপের সেরা একাদশের নেতৃত্বে রেখেছে বাংলাদেশ অধিনায়ক আকবর আলীকে।

আইসিসির প্রকাশিত ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ বাংলাদেশ দলের তিন ক্রিকেটার রয়েছেন। সেমিফাইনালে সেঞ্চুরি করে দলকে ফাইনালে নিয়ে যাওয়া মাহমুদুল হাসান জয়, বেশ কয়েকটি ম্যাচে দলকে সাফল্য পাইয়ে দেওয়া শাহাদত হোসেন ও ফাইনালে বাংলাদেশের জয়ের নায়ক আকবর এই দলে রয়েছেন। সবচেয়ে বড় খবর, পুরো দলটির নেতৃত্বে থাকবেন আকবর।

ফাইনালে দলের বিপর্যয়ের সময় ব্যাট করতে নেমে আকবর আলি মাথা ঠাণ্ডা রেখে এক প্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক। হয়েছেন ম্যাচসেরা।

ক্যারিবীয় বিখ্যাত পেসার ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপ আকবরের প্রশংসা করে বলেন, ‘ক্যাপ্টেন ফ্যানটাসটিক। কুলেস্ট ক্যাপ্টেন।’ এবার আইসিসিও তাঁর স্বীকৃতি দিয়েছে।

গত রোববার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে তিন উইকেটে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ।

রাকিবুল, শরিফুল ও অভিষেকদের দারুণ বোলিংয়ের পর অধিনায়ক আকবর আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ জয় তুলে নিয়ে বিশ্বকাপ জেতে বাংলাদেশ।

ম্যাচে ১৭৭ রান তাড়ায় বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভার শেষে বৃষ্টি নামে। সে সময় তাদের স্কোর ছিল ১৬৩/৭। আবার খেলা শুরু হলে তারা নতুন লক্ষ্য পায় ৪৬ ওভারে ১৭০। সাত বলের মধ্যে ছুঁয়ে ফেলে লক্ষ্য।

যা পারেননি সাকিব, তামিম, মুশফিক ও মিরাজরা তা করে দেখালেন ইমন, শাহাদাত ও জয়রা। বৈশ্বিক কোনো আসরে শুধু ফাইনালেই উঠেনি, শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশের যুবারা।

অবশ্য চার বছর আগে ঘরের মাঠে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লাল-সবুজের দলের যুবারা। ঠিক চার বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্যে উদ্ভাসিত হলেন যুবারা।

যুব বিশ্বকাপের সেরা একাদশ : মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহাদত হোসেন (বাংলাদেশ), আকবর আলি (বাংলাদেশ, অধিনায়ক ও উইকেটকিপার), নায়েম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), শফিকউল্লাহ গাফারি (আফগানিস্তান), রবি বিষনোই (ভারত), কার্তিক ত্যাগী (ভারত), জয়েডেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ), যশস্বী জয়সওয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রাভিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা)।

দ্বাদশ খেলোয়াড় : অকিল কুমার (কানাডা)।

এমআর