এক ম্যাচ হাতে থাকতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় গণমাধ্যম।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচটিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব দিক থেকে ভারতের উপর কর্তৃত্ব বজায় রেখেছিল বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমগুলো এ সব বিষয়কে বেশ ভালো ভাবে ফুটিয়ে তুলেছে। সেই সঙ্গে পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং দাপট নিয়ে লিখেছে ভিন্ন ভিন্ন কলাম।
"এনডিটিভি" লিখেছে, "বাংলাদেশ বল হাতে চমৎকার পারফরম্যান্স করার পর ব্যাট হাতেও দুর্দান্ত ছিল। এতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের স্মরণীয় জয় তুলে নিয়েছে। সেই সঙ্গে ২-০তে সিরিজ জিতে নিয়েছে।"
মুস্তাফিজের প্রশংসায় এটি আরো লিখেছে, "বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান (৬/৪৩) ম্যাচে তারকা খ্যাতি পেয়েছেন।"
সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, "বিশ্ব ক্রিকেটের বাচ্চারা এখন অনেক বড় হয়েছে।"
তিনি আরো বলেছেন, "ভারতের চেয়ে বাংলার টাইগাররা ম্যাচে সেরা ছিল। তারা ব্যাট হাতেও আলো ছড়িয়েছে।"
তরুণ টাইগারদের প্রশংসায় "টাইমস অব ইন্ডিয়া" লিখেছে, "সিরিজের উভয় ম্যাচেই তারা ভারতের উপর কর্তৃত্ব দেখিয়েছে....... বাংলাদেশের আরেকটি জয়ের কারিগর ছিলেন ১৯ বছর বয়সী মুস্তাফিজুর রহমান"।
ভারতীয় সংবাদ সংস্থা- প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) বাংলাদেশ দলের উদাযপনের ছবি দিয়ে তাদের লিড করেছে।
"আনন্দবাজারপত্রিকা" ইঙ্গিত দিয়েছে যে ধোনি বাহিনী এখন বাংলাওয়াশের শঙ্কায় আছে।
ভারতীয় আরেকটি দৈনিক "দ্য হিন্দু" ভারতের বিপক্ষে জয়ের কৃতিত্ব মুস্তাফিজুর রহমানকে দিয়েছে।
মুস্তাফিজকে নিয়ে পত্রকাটি লিখেছে, "এই বাঘের বাচ্চা বুড়ো বাঘের মতোই গর্জন করেছে। অশ্বিনকে আউট করে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে টানা ৫টি করে উইকেট শিকারের রেকর্ড গড়লেন।"
জেডআই





