আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের হাতছানিদীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফাইনাল। সেমিফাইনালে মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের শিরোপার লড়াই লাল-সবুজ জার্সিধারীদের। আর সেই স্বপ্নপূরণ থেকে মাত্র একটি জয় দূরে বাংলাদেশ।
আজ (০৯ ফেব্রুয়ারি) রোববার ফাইনালে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে তিন প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় আসে ৯ উইকেটে। এরপর স্কটল্যান্ড উড়ে যায় ৭ উইকেটে, যে ম্যাচে স্পিনার রাকিবুল হাসান করেন হ্যাটট্রিক।
পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি। নেট রান রেটে এগিয়ে থেকে আকবর-শামীমরা গ্রুপের সেরা দল।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তানজিদ হাসানের ৮০, তৌহিদ হৃদয়ের ৫১ আর শাহাদাত হোসেনের অপরাজিত ৭৪ এনে দেয় ৫ উইকেটে ২৬১ রান। এরপর রাকিবুলের (৫/১৯) বাঁহাতি স্পিনে প্রোটিয়ারা অলআউট হয়ে যায় ১৫৭ রানে। ১০৪ রানের বিশাল জয় নিয়ে বাংলাদেশ ওঠে সেমিফাইনালে।
শেষ চারে নিউজিল্যান্ডকে হারাতেও সমস্যা হয়নি। ঠিক ১০০ রান করা মাহমুদুলের ব্যাট এনে দিয়েছে ৬ উইকেটের সহজ জয়। তাই প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত সবচেয়ে সফল, চারবারের চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার শিরোপা তিনটি, পাকিস্তানের দুটি। বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ঘরের মাঠে সেমিফাইনালে খেলা। সেবার শেষ চারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মিরাজ-শান্তদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুয়েল, প্রিয়াম গার্গ, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী এবং আকাশ সিং।
এমবি





