বিশ্বকাপের বাছাইপর্বের ইউরোপিয়ান অঞ্চলের লড়াইয়ে দারুণ জয় পেয়েছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

ফ্রান্স সুইডেনকে ২-১ গোলে এবং ইংল্যান্ড স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে। অন্যদিকে সান ম্যারিনোকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি।

ফ্রান্স-সুইডেন : গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করে ফ্রান্স ও সুইডেন।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সুইডেন। ৫৪তম মিনিটে এমিল ফর্সবার্গের ফ্রি-কিক জালে আশ্রয় নিলে উল্লাসে মেতে ওঠে সুইডিশরা।

তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ফ্রান্স। তিন মিনিট পর দিমিত্রি পায়েটের ক্রস থেকে ভেসে আসা বলে জটলার মধ্য থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবা।

৬৫তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ফ্রান্স। আন্তনিও গ্রিজম্যানের ক্রস বিপদমুক্ত করতে এগিয়ে আসেন সুইডিশ গোলরক্ষক। তবে সুইডেনের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে ফাঁকা পোস্টে বল পাঠাতে কোনো ভুল করেননি পায়েট। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

এই জয়ের ফলে ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ফ্রান্স। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা নেদারল্যান্ডস নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে শনিবার মাঠে নামবে।

ইংল্যান্ড-স্কটল্যান্ড : ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেট পূর্ণকালীন দায়িত্ব পাওয়ার দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন। শুক্রবার রাতে সাউথগেটের দল স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে খেলার ২৪তম মিনিটে ড্যানিয়েল স্টুরিজের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কাইল ওয়ালকারের ক্রস থেকে হেডে গোলটি করেন এই লিভারপুল তারকা। বিরতির পাঁচ মিনিট পর ড্যানি রোসের পাস থেকে বল পেয়ে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাডাম লালানা।

ইংল্যান্ডের হয়ে জেমস ফরেস্ট ও রবার্ট সোন্ডগ্রাস গোলের সুযোগ মিস করায় ব্যবধান আরো বড় হয়নি। তবে ৬১তম মিনিটে ওয়েন রুনির কর্নার কিক থেকে ভেসে আসা বলে গ্যারি কাহিল হেডে লক্ষ্যভেদ করে ইংল্যান্ডকে ঠিকই বড় জয় এনে দেন।

এই জয়ের ফলে ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ইংল্যান্ড। ৮ পয়েন্ট নিয়ে স্লোভাকিয়া দুইয়ে এবং ৬ পয়েন্ট নিযে স্লোভেনিয়া তিনে রয়েছে।

জার্মানি-সান ম্যারিনো : আর্সেনালের সাবেক মিডফিল্ডার সের্জে গ্নাবরির দুর্দান্ত হ্যাটট্রিকে সান ম্যারিনোর জালে রীতিমতো গোল উৎসব করেছে জার্মানি। প্রতিপক্ষ দলকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

জার্মানির হয়ে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন গ্নাবরি। খেলার দশম মিনিটে প্রথম গোলটি করেন গ্নাবরি। বিরতির পর আরো দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ১৯৭৬ সালে ডিয়েটর মুলারের পর প্রথম জার্মান তারকা হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন আর্সেনালের সাবেক মিডফিল্ডার।

জার্মানির হয়ে জোড়া গোল করেন জোনাস হেক্টর। এছাড়া একটি করে গোল করেন স্যামি খেদিরা ও কেভিন বোল্যান্ড। অপর আত্মঘাতী গোলটি করেন সান ম্যারিনোর ম্যাতিয়া স্টেফানেলি।

এই দুর্দান্ত জয়ের ফলে ‘সি’ গ্রুপের ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে জার্মানি। শুক্রবার একই দিন আজারবাইজানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ওঠে এসেছে নর্দার্ন আয়ার‌্যান্ড। ৭ পয়েন্ট সত্ত্বেও গোল-ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আজারবাইজান।

দিনের অপর ম্যাচে মন্টেনেগ্রোকে ৩-২ গোলে পরাজিত করেছে আর্মেনিয়া। অন্যদিকে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে চেক রিপাবলিক। রোমানিয়ার মাঠে পোল্যান্ডের জয়টি এসেছে ৩-০ ব্যবধানে।

এছাড়া ডেনমার্ক ৪-১ গোলে কাজাখস্তানকে এবং স্লোভাকিয়া ৪-০ গোলে লিথুনিয়াকে পরাজিত করেছে। মাল্টার বিপক্ষে স্লোভেনিয়ার জয়টি এসেছে ১-০ ব্যবধানে।


এমএনজে