এই আর্জেন্টিনাকে নিয়ে সংশয় ছিল অনেক। তবে প্রতিপক্ষ যখন ব্রাজিল, তখন আর্জেন্টিনা খেলল এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা। কিন্তু ব্রাজিলের বিপক্ষে সেটাও যথেষ্ট হলো না তাদের জন্য।

ম্যাচের শুরুর দিকে গোছানো এক আক্রমণে দলকে এগিয়ে দিলেন গাব্রিয়েল জেসুস। আর দ্বিতীয়ার্ধে রবের্ত ফিরমিনোর গোলে রাখলেন মূখ্য ভূমিকা। তরুণ এই ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল।

ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগেই একটি পরিসংখ্যানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। সেটা হলো সেমিফাইনালে কখনও হারেনি আজেন্টিনা।

১৯২৮ অলিম্পিক গেমস ফুটবল থেকে শুরু করে ২০১৬ সালে কোপা আমেরিকা পর্যন্ত মোট ১৩টি সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা হেরেছে মাত্র একটিতে।

তবে সেই পরিসংখ্যান ও ইতিহাসে যেন প্রথম কুঠারাঘাতটি করল ব্রাজিল। ১৯ মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল জড়িয়ে লিড নিল দলটি।

৩০তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা। মেসির ফ্রি-কিকে আগুয়েরোর নেওয়া হেড ক্রসবারে প্রতিহত হত।

৫৭তম মিনিটে আবারও ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা। বাঁ দিক থেকে মেসির বাঁ পায়ের জোরালো শট পোস্টে বাধা পায়। আলগা বল পেয়ে গোলমুখে বাড়ান সময়ের অন্যতম সেরা ফুটবলার; কিন্তু পা লাগাতে পারেননি আগুয়েরো।

বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে আর্জেন্টিনাকে বিদায় করা দুর্দান্ত জয়টি তুলে নেয় স্বাগতিক ব্রাজিল। বৃহস্পতিবার চিলি ও পেরুর মধ্যকার দ্বিতীয় সেমির বিজয়ী দলের বিপক্ষে মারাকানার ফাইনালে খেলবেন কৌতিনহো-আলভেজরা।

 

এএস