আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিততে ভারতের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যুব ক্রিকেট দল।
সকালের উইকেটের আদ্রতার সুবিধা নিতে শুরুতে বল করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন যুবা অধিনায়ক আকবার আলী।
ফাইনালে ভারতের বিপক্ষে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। দলে থাকা বাঁ-হাতি অফ স্পিনার হাসান মুরাদের জায়গায় অভিষেক দাস ঢুকেছেন একাদশে।
তবে ভারত অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে তিন প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় আসে ৯ উইকেটে। এরপর স্কটল্যান্ড উড়ে যায় ৭ উইকেটে, যে ম্যাচে স্পিনার রাকিবুল হাসান করেন হ্যাটট্রিক।
পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি। নেট রান রেটে এগিয়ে থেকে আকবর-শামীমরা গ্রুপের সেরা দল।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তানজিদ হাসানের ৮০, তৌহিদ হৃদয়ের ৫১ আর শাহাদাত হোসেনের অপরাজিত ৭৪ এনে দেয় ৫ উইকেটে ২৬১ রান। এরপর রাকিবুলের (৫/১৯) বাঁহাতি স্পিনে প্রোটিয়ারা অলআউট হয়ে যায় ১৫৭ রানে। ১০৪ রানের বিশাল জয় নিয়ে বাংলাদেশ ওঠে সেমিফাইনালে।
শেষ চারে নিউজিল্যান্ডকে হারাতেও সমস্যা হয়নি। ঠিক ১০০ রান করা মাহমুদুলের ব্যাট এনে দিয়েছে ৬ উইকেটের সহজ জয়। তাই প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত সবচেয়ে সফল, চারবারের চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার শিরোপা তিনটি, পাকিস্তানের দুটি। বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ঘরের মাঠে সেমিফাইনালে খেলা। সেবার শেষ চারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মিরাজ-শান্তদের।
বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজীম হাসান, অভিষেক দাস।
ভারতের একাদশ: যশস্বী জয়সোয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), প্রিয়ম গর্গ (অধিনায়ক), সিদ্ধেশ বীর, অথর্ব অঙ্কোলেকার, রবি বিশ্নোই, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগি, আকাশ সিং।
এমবি





